মেসির সিংহাসনে এমবাপ্পে-হালান্ড, চ্যাম্পিয়ন্স লিগে নতুন ইতিহাস

প্রধান অ্যাডমিন — 2026-10-15T15:25:00.000Z

এক রাতেই বদলে গেল চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডবই। লিওনেল মেসির গড়া দুটি মাইলফলক নিজের করে নিলেন কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। একজন সবচেয়ে কম বয়সে খেললেন টুর্নামেন্টে নিজের শততম ম্যাচ, অন্যজন দ্রুততম সময়ে পূর্ণ করলেন ৬০ গোলের কোটা। দুই তারকার এমন কীর্তিতে ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতায় নতুন করে আলোচনায় উঠে এলেন মেসি, এমবাপ্পে ও হালান্ড।


চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১৪ অক্টোবর) রাতে রোমার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের একপর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে মেতে ওঠে স্প্যানিশ ক্লাবটি। সেই ম্যাচেই রিয়ালের হয়ে গোল করেন এমবাপ্পে। তবে গোলের বাইরেও ফরাসি তারকার জন্য রাতটি ছিল বিশেষ।

মাত্র ২৭ বছর বয়সেই চ্যাম্পিয়ন্স লিগে নিজের শততম ম্যাচ খেলতে নেমে নতুন রেকর্ড গড়েছেন এমবাপ্পে। এর আগে এই কীর্তি ছিল মেসির দখলে। ২০১৫ সালের সেপ্টেম্বরে রোমার বিপক্ষেই বার্সেলোনার হয়ে ২৮ বছর বয়সে প্রতিযোগিতাটিতে শততম ম্যাচ খেলেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। এক দশকের ব্যবধানে সেই রেকর্ড ভাঙলেন এমবাপ্পে।

ফরাসি এই তারকার চ্যাম্পিয়ন্স লিগ-যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ২০১৬ সালের সেপ্টেম্বরে মোনাকোর হয়ে মাত্র ১৭ বছর বয়সে এই প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল তার। এরপর পেরিয়েছে প্রায় এক দশক, আর এবার মেসিকে পেছনে ফেলে নিজের নাম লেখালেন রেকর্ডের পাতায়।

একই রাতে আরেকটি বড় রেকর্ড হাতছাড়া হয়েছে মেসির। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পিএসজির ৪-২ গোলের জয়ে জোড়া গোল করেছেন হালান্ড। তাতেই চ্যাম্পিয়ন্স লিগে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬১ তে, ম্যাচ খেলেছেন ৬০টি। তথ্য অনুযায়ী, ২৬ বছর ৮৫ দিন বয়সে চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোলের মাইলফলক ছুঁয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। মেসি এই কীর্তি গড়েছিলেন ২৬ বছর ৮৬ দিন বয়সে। অর্থাৎ বয়সের হিসাবে মাত্র এক দিনের ব্যবধানে আর্জেন্টাইন তারকাকে পেছনে ফেলেছেন হালান্ড।

শুধু বয়সের হিসাবেই নয়, গোল করার গতিতেও মেসিকে ছাড়িয়ে গেছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়ন্স লিগে ৬০ গোল করতে মেসির লেগেছিল ৮০ ম্যাচ। হালান্ড সেই মাইলফলকে পৌঁছেছেন ২০ ম্যাচ কম খেলে মাত্র ৬০ ম্যাচেই ।

হালান্ডের রেকর্ডের রাতটি আরও বিশেষ হয়ে উঠেছে ম্যানচেস্টার সিটির ইতিহাসেও। পিএসজির বিপক্ষে নিজের প্রথম গোলটি করার মধ্য দিয়ে সার্জিও আগুয়েরোকে পেছনে ফেলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে সিটির হয়ে ৪১ ম্যাচে ৩৭ গোল করে এখন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা হালান্ড। আগুয়েরোর গোল ছিল ৩৬টি, যা করতে তিনি খেলেছিলেন ৬৪ ম্যাচ।

দৈনিক রূপালী চট্টগ্রাম