‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’, প্রকল্প পরিচালককে ঠিকাদারের হুমকি
প্রধান অ্যাডমিন — 2026-10-15T13:01:00.000Z
রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে হেনস্তা ও মারধরের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে হাসানুর জামান মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। একটি ইলেকট্রনিক টেন্ডার নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ দিকে প্রকল্প পরিচালকের কক্ষে ঘটে যাওয়া ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
চার মিনিটের ওই ফুটেজে দেখা যায়, বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত হাসানুর জামান মিন্টু প্রকল্প পরিচালকের কক্ষে অবস্থান করছেন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন। প্রকল্পের একটি টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহের ক্ষেত্রে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে আলোচনা চলছিল। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি ওই শর্ত নিয়ে আপত্তি জানান। একপর্যায়ে প্রকল্প পরিচালককে উদ্দেশ করে ‘এক থাপ্পড়ে ঠিক করে দেব’ বলতে শোনা যায়।
বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক মোস্তফা কামালের অভিযোগ, বুধবার দুপুরে তিনি নিজ কার্যালয়ে প্রবেশের পরপরই তার পেছনে পেছনে হাসানুর জামান মিন্টু ও মিলন নামে দুজন কক্ষে ঢোকেন। তারা চলমান একটি ইলেকট্রনিক টেন্ডার তাদের দেয়ার দাবি জানান।
জবাবে মোস্তফা কামাল তাদের বলেন, নিয়ম অনুযায়ী টেন্ডারপ্রক্রিয়ায় অংশ নিয়ে যিনি যোগ্য বিবেচিত হবেন, তাকেই কাজ দেয়া হবে। এ সময় মিন্টু মুঠোফোনে একজনের সঙ্গে কথা বলেন। ফোনের অপর প্রান্ত থেকে তাকে গালাগাল করা হয় বলে অভিযোগ করেন প্রকল্প পরিচালক। এতে বিব্রত বোধ করে তিনি ফোন রাখতে বলেন।
মোস্তফা কামাল বলেন, এরপর মিন্টু যেকোনোভাবে টেন্ডারটি দেয়ার জন্য চাপ দেন। অন্যথায় তাকে থাপ্পড় মারার হুমকি দেন এবং মারতে উদ্যত হন। ঘটনার প্রতিবাদ করলে তাকে নানা ধরনের হুমকিও দেয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
প্রকল্প পরিচালক আরও জানান, টেন্ডারের শর্তটি গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে আলোচনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। এ সময় অপর ব্যক্তি ১৭ বছর বঞ্চিত থাকার কথা উল্লেখ করেন। জবাবে মোস্তফা কামাল বলেন, ‘নেতা আমিও ছিলাম।’ এরপর তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসানুর জামান মিন্টু। তিনি বলেন, ‘আমি কেন তাকে হুমকি দেব? থাপ্পড় দেয়ার চেষ্টা করব কেন? এসব মিথ্যা। পিডির টেন্ডার দেয়ার ক্ষমতা আছে। আমি তাকে থাপ্পড় দিতে যাইনি।’
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
দৈনিক রূপালী চট্টগ্রাম