ব্রাজিলিয়ান তরুণ পাপেকে দলে নিতে ইউরোপে কাড়াকাড়ি, এগিয়ে বায়ার্ন

প্রধান অ্যাডমিন — 2026-10-15T12:54:00.000Z

ব্রাজিলের ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদুয়ার্দো পাপেকে দলে ভেড়াতে আগ্রহী ইউরোপের একাধিক শীর্ষ ক্লাব। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর এই তরুণ প্রতিভার জন্য ৪ কোটি ইউরো পর্যন্ত দাবি করা হচ্ছে বলে ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে গোল ডটকম। 

জার্মান সংবাদমাধ্যম ‘টিজে’র প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সুইজারল্যান্ডের নিয়নে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ আন্তর্জাতিক টুর্নামেন্টে সরাসরি উপস্থিত থেকে পাপের খেলা পর্যবেক্ষণ করেছে বায়ার্নের প্রতিনিধিরা। সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবরের শুরুর দিকে ব্রাজিলের যুব দলের হয়ে টুর্নামেন্টটিতে অংশ নেন এই মিডফিল্ডার।

মাঠে খেলা বোঝার ক্ষমতা, বল পায়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয়া এবং সতীর্থদের কাছে নিখুঁত পাস পৌঁছে দেয়ার দক্ষতার কারণে পাপেকে তুলনা করা হচ্ছে বার্সেলোনার কিংবদন্তি ডিফেন্সিভ মিডফিল্ডার সের্হিও বুসকেতসের সঙ্গে। লিওনেল মেসির বার্সেলোনা যুগে মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বুসকেতস। তার মতোই খেলার গতি নিয়ন্ত্রণ ও প্রতিপক্ষের আক্রমণ ভেস্তে দেয়ার সামর্থ্য পাপের মধ্যে দেখছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বায়ার্নই অবশ্য পাপেকে নিয়ে আগ্রহ দেখানো প্রথম ক্লাব নয়। এর আগে রিয়াল মাদ্রিদ, অ্যাথলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, চেলসি, ম্যানচেস্টার সিটি, বোর্নমাউথ ও মোনাকোর মতো ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল স্পোর্তেকে দেয়া এক সাক্ষাৎকারে আজুরিজ এফসির সভাপতি রবসন রামোস জানিয়েছিলেন, এসব ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে তার কথা হয়েছে। রামোসের ভাষায়, ‘আমি এসব ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা সবাই আগ্রহ দেখিয়েছে এবং জানিয়েছে, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর নেবে।’

এবার সেই তালিকায় বায়ার্ন মিউনিখের নাম যুক্ত হওয়ায় পাপেকে ঘিরে ইউরোপীয় ক্লাবগুলোর আগ্রহ আরও বাড়তে পারে।

পাপের সম্ভাব্য দলবদল ঘিরে সবচেয়ে আলোচিত বিষয় তার ট্রান্সফার ফি। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর দাবি, ক্রুজেইরো এই তরুণ মিডফিল্ডারকে ছাড়তে ৪ কোটি ইউরো দাবি করছে। অন্যদিকে, তার ট্রান্সফার স্বত্বের ২০ শতাংশের মালিক ছোট ক্লাব আজুরিজ এফসি। তাই পাপের সম্ভাব্য দলবদল থেকে তারাও বড় অঙ্কের অর্থ পাওয়ার অপেক্ষায় রয়েছে।

মাত্র ১৭ বছর বয়সেই ইউরোপের একাধিক শীর্ষ ক্লাবের নজরে পড়া এবং তার জন্য বিপুল অঙ্কের মূল্য নির্ধারণ; সব মিলিয়ে পাপেকে ঘিরে প্রত্যাশা ক্রমেই বাড়ছে। তবে বায়ার্ন মিউনিখ শেষ পর্যন্ত তাকে দলে ভেড়ানোর জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ব্রাজিলের অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে আট ম্যাচে ছয়টি গোল করেছেন এদুয়ার্দো পাপে। এবার নিয়নে অনুষ্ঠিত টুর্নামেন্টে ব্রাজিলের অনূর্ধ্ব-১৮ দলের হয়ে অভিষেক হয়েছে তার।

দৈনিক রূপালী চট্টগ্রাম