শিক্ষার সঙ্গে নৈতিকতা খুব গুরুত্বপূর্ণ: পানিসম্পদ মন্ত্রী

প্রধান অ্যাডমিন — 2026-10-15T12:24:00.000Z

শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, প্রকৃত শিক্ষার দিকে নজর না দিলে শুধু শিক্ষা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, শিক্ষা মানুষের চিন্তাশক্তি বাড়ায় এবং সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে শেখায়। তবে শুধু পড়াশোনা শেষ করে চাকরি পাওয়াই প্রকৃত শিক্ষার উদ্দেশ্য নয়। অর্জিত শিক্ষা মানবকল্যাণ ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা বজায় রাখা, দায়িত্বশীল হওয়া এবং খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া জরুরি।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের সামনে শেখার অনেক সুযোগ তৈরি হয়েছে। নিজেদের দক্ষতা ও সঠিক উদ্দেশ্য কাজে লাগিয়ে এআইকে শিক্ষার সহায়ক হিসেবে ব্যবহার করা সম্ভব।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফ সভাপতিত্ব করেন।

দৈনিক রূপালী চট্টগ্রাম