বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ও সংস্কার সঠিক পথে: অর্থমন্ত্রী
প্রধান অ্যাডমিন — 2026-10-15T12:20:00.000Z
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা ও ভূরাজনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ও সংস্কার কর্মসূচি সঠিক পথে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক সংকটের চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তোষ প্রকাশ করেছে। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংক খাতের সংস্কার, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আইএমএফের সম্ভাব্য নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, ব্যাংকের পুনর্মূলধন, ব্যাংকিং খাতের বিভিন্ন চ্যালেঞ্জ এবং অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা নিয়েও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মতবিনিময় হয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর পর্যবেক্ষণকে আলোচনার স্বাভাবিক অংশ হিসেবে দেখছে সরকার। পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে এসব বিষয়ে সমাধানে পৌঁছানো সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশের জন্য আইএমএফের নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও সময় লাগবে। আগামী কয়েক মাসের আলোচনার মাধ্যমে কর্মসূচি চূড়ান্ত হতে পারে।
সরকারের সংস্কার কর্মসূচির বিশ্বাসযোগ্যতা নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো প্রশ্ন তুলেছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, তারা এ ধরনের কোনো প্রশ্ন তোলেনি। সংস্কার কর্মসূচি বাস্তবায়নে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করবে সরকার।
দৈনিক রূপালী চট্টগ্রাম