নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে ৭০ শতাংশে দাঁড়িয়েছে
প্রধান অ্যাডমিন — 2026-10-15T07:54:00.000Z
২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশি শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি-ভিত্তিক ভিসার আবেদনের ক্ষেত্রে এ চিত্র দেখা গেছে। একই সময়ে ভারতীয় শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হার ছিল ৩৯ শতাংশ।রেডিও নিউজিল্যান্ডের (RNZ) ১৫ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দেশের শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি-ভিত্তিক ভিসার ৬ হাজার ২৭৩টি আবেদন প্রত্যাখ্যান করেছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড। এর আগে ২০২৫–২৬ অর্থবছরের পুরো সময়ে এ ধরনের ভিসার আবেদন প্রত্যাখ্যানের সংখ্যা ছিল ৭ হাজার ৫০৩টি। একই সময়ে আবেদন প্রত্যাখ্যানের সামগ্রিক হার ১৩ শতাংশ থেকে বেড়ে ৩৪ শতাংশে পৌঁছেছে।
নিউজিল্যান্ডের অভিবাসন কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থী ভিসার আবেদনে জালিয়াতির ঘটনা আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির জন্য করা আবেদনে জাল নথিপত্র ব্যবহারের উদ্বেগ বাড়ায় যাচাই-বাছাই জোরদার করা হয়েছে।
অভিবাসন এজেন্টদের মতে, বাংলাদেশ ও ভারতের কিছু শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের উপ-এজেন্টনির্ভরতা এবং ভুল বা জাল আর্থিক নথিপত্র জমা দেওয়ার ঘটনাও ভিসা প্রত্যাখ্যান বৃদ্ধির অন্যতম কারণ। এর প্রভাব পড়ছে প্রকৃত শিক্ষার্থীদের ওপরও।
বিশেষজ্ঞদের মতে, জাল আবেদন শনাক্তে কঠোর যাচাই প্রয়োজন। তবে একই সঙ্গে প্রকৃত শিক্ষার্থীদের আবেদন যেন অযথা প্রত্যাখ্যাত না হয়, তা নিশ্চিত করাও জরুরি।
দৈনিক রূপালী চট্টগ্রাম