স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপের বড় ফাইল খুঁজে মুছবেন যেভাবে

প্রধান অ্যাডমিন — 2026-10-15T04:04:00.000Z

ছবি, ভিডিও ও ডকুমেন্টের নিয়মিত আদান-প্রদানে স্মার্টফোনের মেমোরি দ্রুত পূর্ণ করে ফেলে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। স্টোরেজ ফুল হয়ে গেলে মোবাইল ধীরগতির হয়ে যায় এবং নতুন ছবি তোলা, ফাইল ডাউনলোড বা অ্যাপ ব্যবহারে জটিলতা দেখা দেয়। তবে অ্যাপের ভেতরের ‘ম্যানেজ স্টোরেজ’ (Manage Storage) ফিচার ব্যবহার করে অতি সহজেই বড় বড় অপ্রয়োজনীয় ফাইল মুছে ফোনের মেমোরি খালি করা সম্ভব।

হোয়াটসঅ্যাপের ফাইলের আকার দেখবেন যেভাবে

ধাপ ১. প্রথমে স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
ধাপ ২. ওপরের ডান কোণে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ‘Settings’-এ প্রবেশ করুন।
ধাপ ৩. এবার ‘Storage and Data’ নির্বাচন করে ‘Manage Storage’ অপশনে যান।
ধাপ ৪. এখানে হোয়াটসঅ্যাপের ফাইলগুলো মোট কতটা জায়গা দখল করে রেখেছে তা দেখা যাবে।

টিপস: নির্দিষ্ট কোনো চ্যাটের মিডিয়া ফাইলের আকার জানতে চাইলে চ্যাটটি খুলে তার নামের ওপর ট্যাপ করতে হবে। এরপর ‘ম্যানেজ স্টোরেজ’ অপশনে প্রবেশ করলে ওই চ্যাটের ফাইলগুলো কতটা জায়গা দখল করে আছে, তা দেখা যায়। ফাইলগুলো আকার অনুযায়ী বড় থেকে ছোট ক্রমে সাজানো থাকায় বেশি জায়গা দখল করা ফাইলগুলো সহজেই শনাক্ত করে মুছে ফেলা সম্ভব।

অপ্রয়োজনীয় ফাইল এক ক্লিকে মুছবেন যেভাবে
ধাপ ১: হোয়াটসঅ্যাপের Settings > Storage and Data > Manage Storage অপশনে প্রবেশ করুন।
ধাপ ২: তালিকায় থাকা ‘Larger than 5 MB’ সেকশন অথবা নির্দিষ্ট কোনো চ্যাট/চ্যানেল নির্বাচন করুন।
ধাপ ৩: তালিকা থেকে অপ্রয়োজনীয় ফাইলগুলো বেছে নিয়ে ‘Select All’ অপশনে ট্যাপ করুন এবং ডিলিট বাটনে চেপে ফাইলগুলো স্থায়ীভাবে মুছে দিন।

ফাইল মোছার আগে যেসব সতর্কতা আবশ্যক

হোয়াটসঅ্যাপ থেকে কোনো ফাইল ডিলিট করলে সেটি অ্যাপে স্থায়ীভাবে মুছে যাবে এবং পরবর্তীতে চ্যাট থেকে আর ফেরত বা ডাউনলোড করা নাও যেতে পারে। ফোন থেকে ফাইল মুছে গেলেও অপর প্রান্তের ব্যবহারকারী বা গ্রুপের অন্য সদস্যরা ফাইলটি দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ থেকে ফাইল ডিলিট করার পরও আপনার ফোনের লোকাল গ্যালারি বা ফাইল ম্যানেজারের অন্য ফোল্ডারে কপি থেকে যেতে পারে। সম্পূর্ণ স্টোরেজ খালি করতে ফোন মেমোরির অন্য ফোল্ডারগুলো থেকেও ফাইলগুলো ডিলিট করতে হবে।

সূত্র: টাইম্‌স অব ইন্ডিয়া

দৈনিক রূপালী চট্টগ্রাম