বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে নিয়ম ভেঙে বিপাকে আফগান ক্রিকেটার
প্রধান অ্যাডমিন — 2026-10-14T18:40:00.000Z
বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে মাঠের আম্পায়ারদের নির্দেশ অমান্য করে শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালনের সময় তার আচরণে অসন্তুষ্ট হয়ে ব্যবস্থা নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শাস্তি হিসেবে জাজাইকে আনুষ্ঠানিকভাবে সতর্কতার করার পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।সম্প্রতি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টে এ ঘটনা ঘটে। আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান অপরাধের দায়ে অভিযুক্ত হয়েছেন জাজাই। তার বিরুদ্ধে আনা অভিযোগটি আচরণবিধির ২.৪ ধারার আওতাভুক্ত, যেখানে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার বিষয়টি উল্লেখ রয়েছে।
ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ করা থেকে বিরত থাকতে এবং সময় নষ্ট না করতে তাকে একাধিকবার নির্দেশ দেন আম্পায়াররা। তবে সেই নির্দেশ মানেননি আফগান এই ক্রিকেটার। পরে ইনিংসের ১৩৯তম ওভারে আম্পায়ারদের অনুমতি ছাড়াই আবার মাঠে প্রবেশ করেন তিনি।
নিজের ভুল স্বীকার করে নিয়েছেন জাজাই। ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নেওয়ায় এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটিই তার প্রথম অপরাধ। জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি।
দৈনিক রূপালী চট্টগ্রাম