প্রেমের টানে জামালপুরে ফিনল্যান্ডের যুবক, বসলেন বিয়ের পিঁড়িতে

প্রধান অ্যাডমিন — 2026-10-14T18:27:00.000Z

প্রথমে মোবাইল ফোনে পরিচয়, তারপর প্রেম। সম্পর্কের গভীরতায় সুদূর ফিনল্যান্ড থেকে ভিনদেশি এক যুবকে ছুটে এসেছেন জামালপুরের সরিষাবাড়ি উপজেলার দৌলতপুর গ্রামে। পরে দুইপক্ষের সম্মতিতে বিয়ে করেন দৌলতপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে শান্তিনা জাহান সিমিকে (২৬)। ভিনদেশি ওই যুবকের পূর্বের নাম ছিল সিমোলা মিকা। বর্তমানে তার নাম বদলিয়ে রাখা হয় মিকাইল।

মিকাইল-শান্তিনা দম্পতি এখন স্বামী-স্ত্রী হিসেবে বসবাস করছেন শান্তিনার চাচা দৌলতপুর গ্রামের আনিসুর রহমানের বাড়িতে। সম্প্রতি তাদের বিয়ের খবর জানাজানি হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়। গ্রামের লোকজন ভিনদেশি বরকে দেখতে ওই বাড়িতে ভিড় জমায়।

কনের বাবা রফিকুল ইসলাম জানান, দেশের প্রচলিত আইন ও সামাজিক এবং শরিয়াহ অনুযায়ী
মিকাইল-শান্তিনার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, দুজনের সম্মতিতে পারিবারিকভাবে আদালতের মাধ্যমে বিয়ে হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় শান্তিনার প্রথম স্বামী মারা যান তিন বছর আগে। পরে আড়াই বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। ফিনল্যান্ডে বসবাসরত শান্তিনার এক আত্মীয়ের মাধ্যমে সিমোলা মিকার সঙ্গে তার পরিচয় হয়। এরপর তারা নিয়মিত মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলতেন। এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।সম্প্রতি তারা দুইজন বিয়ের সিদ্ধান্ত নেন। এরপর বাংলাদেশে চলে আসেন সিমোলা মিকা। জামালপুরের সরিষাবাড়ির দৌলতপুর গ্রামে এসে শান্তিনাকে পেয়ে বিয়ের প্রস্তুতি নেন সিমোলা মিকা।

এর আগে বিয়ের আনুষ্ঠানিকতার জন্য গত ৯ সেপ্টেম্বর ফিনল্যান্ড সরকারের কাছ থেকে আইনগত
অনুমতিপত্র নেন সিমোলা মিকা। গত ২ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। পরবর্তীতে জামালপুর আদালত থেকে এফিডেফিটের মাধ্যমে নিজের নাম পরিবর্তন করে মিকাইল রাখেন সিমোলা মিকা। ওই দিনেই শান্তিনা জাহানকে বিয়ে করেন তিনি।

এ ব্যাপারে কনে শান্তিনা জাহান জানান, ফিনল্যান্ডে তার ফুফু ও ফুফা থাকেন। সেখানে গিয়ে বসবাস করলেও খারাপ লাগবে না। তাই মিকাইলকে জীবন সঙ্গী হিসাবে পেয়ে সেও অনেক খুশি।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ফিনল্যান্ডের এক নাগরিক দৌলতপুর গ্রামের এক মেয়েকে বিয়ে করার বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছেন। এর চেয়ে বেশি কিছু তিনি জানেন না।

দৈনিক রূপালী চট্টগ্রাম