প্রধানমন্ত্রীর সঙ্গে প্রাথমিকে শিক্ষকতা করা সেই নায়লার সাক্ষাৎ
প্রধান অ্যাডমিন — 2026-10-14T17:58:00.000Z
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রাথমিকে শিক্ষকতা করা নরসিংদীর সেই নায়লাসহ ৩ অদম্য মানুষ। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সচিবালয়ে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাদের কর্মউদ্দীপনায় উৎসাহ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাক্ষাৎ শেষে তিনজনই জানিয়েছেন, এই সম্মান তাদের আরও অনুপ্রাণিত করবে।বুয়েট থেকে পাশ করা প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তা ছিলেন নায়লা শারাফ। পেশাগত জীবনের এমন অবস্থান ছেড়ে এখন তার গর্বের পরিচয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। নেত্রকোণা সদর উপজেলার পঞ্চানরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষিকার ব্যতিক্রমী পথচলা নিয়ে গত ৫ অক্টোবর প্রতিবেদন প্রচার করেছিল চ্যানেল 24।
প্রান্তিক জনপদে শিক্ষার উন্নয়নে নায়লা শারাফের ত্যাগের গল্প নজরে আসে প্রধানমন্ত্রীর। পরবর্তীতে বুধবার সৌজন্য সাক্ষাতের জন্য তাকে সচিবালয়ে আমন্ত্রণ জানানো হয়। সাক্ষাৎ শেষে এই শিক্ষিকা জানান, প্রধানমন্ত্রীর প্রশংসা তাকে আরও অনুপ্রাণিত করেছে।
নায়লা শারাফ বলেন, প্রধানমন্ত্রী আমাকে ডেকেছেন, আমার সঙ্গে সাক্ষাৎ করেছে অবশ্যই এটি আমার জন্য ইনসপায়ারিং (অনুপ্রেরণাদায়ক)। আমাকে কাজে লাগানোর জন্য নতুন পথ দেখানো হলে হয়তো আমি আরও বেটার পারফরমেন্স করতে পারব।
বুধবার নায়লা শারাফ ছাড়াও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নরসিংদী সদরের শারীরিক চ্যালেঞ্জ থাকা অদম্য শিক্ষক মো. আলতাফ হোসেন (দুঃখু মিয়া) এবং পরিবেশের রক্ষায় বৃক্ষরোপণে ভূমিকা রাখা ভোলার ইমাম রেজাউল কিবরিয়া বাবুল।
সাক্ষাৎ শেষে শারীরিক চ্যালেঞ্জ থাকা অদম্য শিক্ষক মো. আলতাফ হোসেন বলেন, আমার এই স্কুলটিকে নিয়ে অদূর ভবিষ্যতে আমার বড় স্বপ্ন রয়েছে। আমি স্কুলটিকে একটি মডেল হাই স্কুলে পরিণত করতে চাই। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আমি তার কাছে এই আশা ব্যক্ত করছি।
এ ছাড়া পরিবেশের রক্ষায় নিজ উদ্যোগে হাজার হাজার গাছ লাগানো রেজাউল কিবরিয়া বাবুল বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবেশ সম্পর্কে, জলবায়ু পরিবর্তন ও বজ্রপাত সম্পর্কে প্রায় এক ঘণ্টার মতো আলোচনা হয়েছে। তিনি সন্তোষ প্রকাশ করছেন এবং সাধুবাদ জানিয়েছেন।
দৈনিক রূপালী চট্টগ্রাম