প্রবাসী কর্মীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

প্রধান অ্যাডমিন — 2026-10-14T14:55:00.000Z

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা কোনোভাবেই অনিশ্চিত থাকতে পারে না। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে কর্মীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) ৩০ বছর পূর্তি উদযাপন এবং ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে দেয়া ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

তিনি বলেন, বিদেশে কর্মসংস্থানের আশায় অনেক কর্মী নিজেদের জমিজমা বিক্রি করেন, ঋণ নেন এবং পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় করেন। কিন্তু এত ত্যাগের পরও তাদের অনেকে প্রতারণার শিকার হন। কেউ অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বোঝা বহন করেন, কেউ বিদেশে গিয়ে অনিশ্চিত চাকরিতে পড়েন, আবার কেউ চুক্তি অনুযায়ী বেতন পান না। অভিবাসনপ্রত্যাশী কর্মীদের এমন সমস্যার সমাধানে নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা প্রতিষ্ঠা, প্রতারণা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করা প্রয়োজন।

বিদেশে কর্মরত বাংলাদেশিদের অধিকার সুরক্ষায় বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে শ্রমিকবান্ধব হতে হবে, যাতে বিপদে পড়া কর্মীরা প্রয়োজনীয় সহায়তা পান এবং তাদের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা যায়। বিদেশে যাওয়ার আগেই প্রত্যেক কর্মীকে তার চাকরির চুক্তি, বেতন, কর্মপরিবেশ এবং আইনি অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। এতে কর্মীরা বিদেশে গিয়ে প্রতারণা ও অনিশ্চয়তার ঝুঁকি সম্পর্কে সচেতন থাকতে পারবেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাকশিল্প। প্রবাসী কর্মীদের পাঠানো অর্থ দেশের বৈদেশিক মুদ্রার জোগান বাড়ানো, আমদানি ব্যয় পরিশোধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩৫ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অর্থ দেশের লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করছে। প্রবাসীদের উপার্জিত অর্থ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রাষ্ট্রপতি বলেন, দেশের অর্থনীতিতে প্রায় দেড় কোটি প্রবাসী কর্মীর শ্রম, ঘাম, ত্যাগ ও অবদান রয়েছে। তাদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব। প্রবাসীরা শুধু দেশে অর্থ পাঠানোর মধ্যেই তাদের ভূমিকা সীমাবদ্ধ রাখেন না, বিদেশের মাটিতে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেন। বিভিন্ন দেশে কাজ করতে গিয়ে তারা যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন, তা দেশের জন্য মূল্যবান জাতীয় সম্পদ।

প্রবাসীদের অবদান যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, প্রবাসী কর্মীদের শ্রমের যথাযথ স্বীকৃতি দেয়া এবং তাদের অর্জিত অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ তৈরি করা প্রয়োজন।

দৈনিক রূপালী চট্টগ্রাম