স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে বারান্দা দিয়ে পালানোর চেষ্টা, ২১ তলা থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রধান অ্যাডমিন — 2026-10-14T14:48:00.000Z
ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে ২১ তলা থেকে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) এনডিটিভির খবরে বলা হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার সেঞ্চুরিয়ন পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটিতে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, হর্ষিত লাভানিয়ার বিয়ে হয়েছিল ২০২৪ সালে। দাম্পত্য বিরোধের কারণে গত ছয় মাস ধরে তিনি স্ত্রীর থেকে আলাদা থাকছিলেন। ভাড়া করা ফ্ল্যাটটিতে একাই থাকতেন তিনি। ঘটনার দিন হর্ষিতের স্ত্রী তার ফ্ল্যাটে গিয়ে দরজায় ধাক্কা দেন। তবে স্ত্রীর সঙ্গে আবারও তর্ক-বিতর্ক হতে পারে- এমন আশঙ্কায় তিনি দরজা খুলতে চাননি।
তার স্ত্রী তাকে বাইরে আসার জন্য বলেন এবং কথা বলার চেষ্টা করেন। কিন্তু হর্ষিত রাজি হননি। পরে দরজা খোলার জন্য তার স্ত্রী নিরাপত্তাকর্মীদের ডাকেন। এ সময় হর্ষিত ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচের তলায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু পিছলে নিচে পড়ে যান এবং গুরুতর আহত হন।
আবাসিক কমপ্লেক্সের কয়েকজন সদস্য তাকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হর্ষিতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে চলমান বিরোধের কারণে তিনি মানসিক চাপে ছিলেন।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ হর্ষিতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে এবং আবাসিক কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।
দৈনিক রূপালী চট্টগ্রাম