ইসরায়েলে সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ
প্রধান অ্যাডমিন — 2026-10-14T13:52:00.000Z
ইসরায়েলের কিরিয়াত গাত শহরের একটি ইনটেল সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদমের বরাতে দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, বিস্ফোরণে তিনজন মারাত্মকভাবে আহত হয়েছেন। পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ‘একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এদিকে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির বরাতে জানানো হয়েছে, বিস্ফোরণের ফলে ক্ষতিকারক কোনও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে থাকতে পারে। ফায়ার সার্ভিসের কর্মীরা বর্তমানে বিষাক্ত রাসায়নিকের উৎস চিহ্নিতকরণে কাজ করছেন।
ইসরায়েলি সংবাদভিত্তিক ওয়েবসাইট ওয়াইনেট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ঘটনার সঙ্গে ‘নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড’ নামক একটি গ্যাস জড়িত রয়েছে, যা সেমিকন্ডাক্টর তৈরিতে ব্যবহৃত হয়। পরিস্থিতি বিবেচনায় বিশেষায়িত হাজম্যাট টিম এলাকাটি পর্যবেক্ষণ করছে।
ওয়াইনেটের প্রতিবেদন সূত্রে ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটি নিশ্চিত করেছে, দমকলকর্মীরা ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এর আগে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও রেসকিউ টিমের আটটি ইউনিট এবং পার্শ্ববর্তী স্টেশনগুলো থেকে বিশেষায়িত কেমিক্যাল রেসপন্স ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
তবে বিস্ফোরণের মূল কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্য জেরুজালেম পোস্টের তথ্য অনুযায়ী, কিরিয়াত গাতে অবস্থিত ইনটেলের এই কারখানাটিতে সেমিকন্ডাক্টর চিপ তৈরি করা হয়।
দৈনিক রূপালী চট্টগ্রাম