নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা, ২ মাস পর অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

প্রধান অ্যাডমিন — 2026-10-14T13:42:00.000Z

বাগেরহাটের মোংলায় এক নারীকে হত্যার দুই মাস পর অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)।

বুধবার (১৪ অক্টোবর) মোংলা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম। 

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার জানান, গত ১৪ আগস্ট মোংলার ফেরিঘাটসংলগ্ন এলাকা থেকে এক নারীকে খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা ইউনিয়নের কাটাখালী গ্রামে নিয়ে যান ইকরামুল ও মীর আলী। পরে ইকরামুলের বাড়িতে পরিবারের অন্য কেউ না থাকার সুযোগে তারা ওই নারীকে ধর্ষণ করেন। পরদিন সকালে তুচ্ছ বিষয় নিয়ে বাক্‌বিতণ্ডার একপর্যায়ে ওই নারীকে হত্যা করা হয়। ঘটনার ছয়দিন পর ২০ আগস্ট খুলনার বটিয়াঘাটা থানার কাজীবাছা নদী থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এরপর মোংলা থানা পুলিশ তদন্ত শুরু করে।

এদিকে, ঘটনার দুই মাস পর মঙ্গলবার বিকেলে খুলনার দাকোপ থেকে ইকরামুলকে ও মোংলা থেকে মীর আলীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ড ও এর আগে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

গ্রেপ্তার ইকরামুল শেখ খুলনার দাকোপ উপজেলার লাউডোব এলাকার মৃত নুরুল শেখের ছেলে। অপর আসামি মীর আলী মোংলার ছাড়াবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার দেলুটিয়া গ্রামের মৃত মোজাফফর হাওলাদারের ছেলে।

সংবাদ সম্মেলনে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন ও উপপরিদর্শক (এসআই) মো. হানিফ উপস্থিত ছিলেন। 

দৈনিক রূপালী চট্টগ্রাম