নিখোঁজের তিনদিন পর ধানখেত থেকে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
প্রধান অ্যাডমিন — 2026-10-14T11:56:00.000Z
বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর ইউসুফ (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সকালে বড় বালুয়া গ্রামের ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, গত তিনদিন পূর্বে বড় বালুয়া গ্রাম থেকে ইউসুফ নিখোঁজ হয়। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় মাইকিং করেও কোনো খোঁজ না পেয়ে ইউসুফের সৎ বাবা উজ্জ্বল হোসেন সোনাতলা থানায় সাধারণ ডায়েরি করেন। বুধবার সকালে গ্রামের ধানখেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সেখানে একটি শিশুর অর্ধগলিত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে শিশুর মা রিনি বেগম গায়ের শার্ট দেখে নিজের সন্তানকে শনাক্ত করেন। ইউসুফ রিনি বেগমের প্রথম স্বামীর সন্তান। প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্সের পর বড় বালুয়া গ্রামের উজ্জ্বল হোসেনের সঙ্গে তার বিয়ে হয়। ইউসুফ রিনি বেগমের সঙ্গে উজ্জ্বলের বাড়িতেই থাকত।
এ ব্যাপারে সোনাতলা থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
দৈনিক রূপালী চট্টগ্রাম