বিদ্যুৎ ও সার উৎপাদনে গ্যাস সরবরাহ নিশ্চিতে তিন প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কেনার অনুমোদন
প্রধান অ্যাডমিন — 2026-10-14T06:13:00.000Z
বিদ্যুৎ ও সার উৎপাদনে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে আন্তর্জাতিক বাজার থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এ ছাড়া সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতিতে আরও দুটি প্রতিষ্ঠান থেকে এলএনজি প্রক্রিয়াকরণের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপস্থাপিত প্রস্তাবগুলো অনুমোদন পায়। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুমোদন পাওয়া প্রস্তাব অনুযায়ী, বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই-এর কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কেনা হবে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একই বৈঠকে ‘পাবলিক প্রসিউরমেন্ট আইন, ২০০৬’ এবং ‘পাবলিক প্রসিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ অনুসরণ করে চেনিয়েরে মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড থেকে জি-টু-জি পদ্ধতিতে এলএনজি প্রক্রিয়াকরণের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
তবে এসব প্রতিষ্ঠান থেকে ঠিক কী পরিমাণ বা কত কার্গো এলএনজি কেনা হবে, কত দিন ধরে তারা সরবরাহ করবে এবং এর দাম কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
ট্রাফিগুরার কাছ থেকে ৯ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
এদিকে, একই দিনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে জি-টু-জি ভিত্তিতে সরাসরি এলএনজি কেনার চূড়ান্ত দর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে ২০২৭ সালের মধ্যে মোট ৯টি এলএনজি কার্গো আমদানি করা হবে। তবে প্রয়োজন অনুযায়ী উভয় পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে পারে।
এলএনজির প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম নির্ধারণ করা হয়েছে জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) দরের চেয়ে ১০ মার্কিন সেন্ট কম।
উল্লেখ্য, জেকেএম এশিয়ার এলএনজির বেঞ্চমার্ক মূল্যসূচক। গত ১৩ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ এলএনজির জেকেএম মূল্য ছিল প্রায় ২৬.২৭ মার্কিন ডলার।
দৈনিক রূপালী চট্টগ্রাম