রাজধানী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ আরিফিন রনি গ্রেপ্তার

প্রধান অ্যাডমিন — 2026-10-13T18:23:00.000Z

রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনিকে (৩০) গ্রেপ্তার করেছে এসআরবি-২। মঙ্গলবার (১৩ অক্টোবর) শেরেবাংলা নগর থানাধীন শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-২ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা আরিফিন রনির শ্যামলী এলাকায় অবস্থানের তথ্য পায় আভিযানিক দল। পরে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আরিফিন রনি দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর এলাকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, গ্রেপ্তার ব্যক্তির পিসিপিআর (পূর্ব অপরাধের তথ্য) যাচাই করে তার বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দৈনিক রূপালী চট্টগ্রাম