পূজা উদ্বোধনে যাওয়ার সময় মমতার ওপর হামলে পড়ল নারী, ছুরি উদ্ধার

প্রধান অ্যাডমিন — 2026-10-13T17:06:00.000Z

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলে পড়ে এক নারীকঠোর জেড-প্লাস নিরাপত্তার বলয় ও পুলিশি বেষ্টনী ভেদ করে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় দক্ষিণ কলকাতার কালীঘাটে নিজের বাসভবন সংলগ্ন এলাকায় একটি স্থানীয় পূজা উদ্বোধনে যাওয়ার সময় এই নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটে। এতে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দিল্লি সফর ও রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততা সেরে কলকাতায় ফিরে মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ির কাছে ‘মিলন সঙ্ঘ’-এর পূজা উদ্বোধন করতে পায়ে হেঁটে রওয়ানা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন দলীয় নেতাকর্মী ও নিরাপত্তাকর্মীরা। সেই সময় জনাকীর্ণ ভিড়ের সুযোগ নিয়ে এস এন ব্যানার্জি রোডের নিবাসী তর্নিষ্ঠা সাহা নামের এক নারী অত্যন্ত দ্রুততার সঙ্গে মমতার একেবারে কাছাকাছি পৌঁছে যান।

অভিযোগ উঠেছে, ওই নারী সাবেক মুখ্যমন্ত্রীকে শারীরিক নিগ্রহ ও ঘুষি মারার চেষ্টা করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এই আকস্মিক ঘটনায় মুহূর্তে এলাকায় চরম ধস্তাধস্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন নিরাপত্তারক্ষীরা। তারা দ্রুত ওই নারীকে ঘিরে ধরে মাটিতে ফেলে কাবু করেন। পরে কালীঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত নারী মানসিক ভারসাম্যহীন অবস্থায় থাকতে পারেন। তবে ভিভিআইপি নিরাপত্তার ঘেরাটোপ ও চতুর্দিকে নিরাপত্তারক্ষীদের উপস্থিতি সত্ত্বেও কীভাবে তিনি এত কাছাকাছি পৌঁছালেন, তা নিয়ে তীব্র প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা ও ভিআইপি নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা। নেত্রীর সুরক্ষায় কোথায় গলদ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

এ সময় ওই নারীর কাছে একটি ছুরিও পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ দোলা সেন ইমেইল মারফত একটি অভিযোগ দায়ের করেন। তবে এই আকস্মিক বিশৃঙ্খলার মধ্যেও নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূজা উদ্বোধনে কোনো ব্যাঘাত ঘটেনি। পুলিশ পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং অভিযুক্তের আসল উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।

জানা গেছে, অভিযুক্ত ওই তরুণী নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নী পরিচয় দিয়ে তার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছিলেন। মমতা বাড়ি থেকে বেরতেই তার ওপর ঝাপিয়ে পড়ার চেষ্টা করেন তিনি। অন্যরা বিষয়টি দেখে প্রাথমিকভাবে হতবাক হয়েছিলেন। যদিও সঙ্গেসঙ্গেই নেত্রীর বিপদ বুঝে ওই নারীকে ধরে ফেলেন দলেরই নেতাকর্মীরা। এরপরই খবর দেয়া হয় কালীঘাট থানায়।

দৈনিক রূপালী চট্টগ্রাম