চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে অজানা গল্প ফাঁস করলেন রোনালদো
প্রধান অ্যাডমিন — 2026-10-13T06:10:00.000Z
মাঠে দুজনের লড়াই নিয়ে ফুটবল বিশ্বে কত আলোচনা, কত তর্ক! কে সেরা- লিওনেল মেসি, নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো? দীর্ঘ দেড় দশক ধরে চলা এই দ্বৈরথে সমর্থকেরা দুই ভাগে বিভক্ত। অথচ সেই প্রতিদ্বন্দ্বিতার আড়ালেই ছিল পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য আর সহযোগিতার গল্প। এবার তেমনই এক অজানা অভিজ্ঞতার কথা জানালেন রোনালদো। ব্যালন ডি’অরের মঞ্চে ইংরেজিতে বলা কথা বুঝতে মেসিকে কখনো কখনো অনুবাদ করে দিতেন তিনি! টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন পর্তুগিজ মহাতারকা। সেখানেই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের বাইরের সম্পর্কের কিছু অজানা দিক উঠে এসেছে। গত দেড় দশকে ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের অন্যতম স্বীকৃতি ব্যালন ডি’অর ঘিরে বারবার মুখোমুখি হয়েছেন মেসি ও রোনালদো। পুরস্কার বিতরণীর মঞ্চে দুজনের নিয়মিত উপস্থিতি থেকেই তৈরি হয়েছিল ভিন্ন রকমের এক সম্পর্ক। রোনালদো জানিয়েছেন, ইংরেজিতে মেসির কিছুটা দুর্বলতা থাকায় অনুষ্ঠানের সময় তাকে কয়েকবার অনুবাদ করে সাহায্য করেছিলেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, ‘আমরা পুরস্কারের মঞ্চ ভাগাভাগি করেছি ১৫ বছর। আর আমাদের সম্পর্কটা সবসময় খুব ভালো ছিল। আমার মনে আছে, দুই-একবার আমি তার জন্য ইংরেজিতে বলা কথাগুলো অনুবাদ করে দিয়েছিলাম, যেমন, “মেসি, তুমি এখানেই থাকবে”।’
বড় মাপের এসব অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মেসিকে সহযোগিতা করতেন বলে জানিয়েছেন রোনালদো। সেই সময়ের মজার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘এরপর সে (উপস্থাপিকা) তোমাকে একটা প্রশ্ন করবে। আর আমি সেটা অনুবাদ করব। উপস্থাপিকা তোমাকে বলবে: “আমরা এটা করতে যাচ্ছি”, আর মেসিকে বলতে বলতাম: “হ্যাঁ, খুব ভালো”। আর ব্যাপারটা মজার ছিল।’
মেসি ও রোনালদোর দ্বৈরথকে ঘিরে বছরের পর বছর ধরে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক চলেছে। তবে দুই তারকার ব্যক্তিগত সম্পর্ক যে সেই প্রতিদ্বন্দ্বিতার চেয়ে আলাদা ছিল, রোনালদোর বক্তব্যে সেটিই স্পষ্ট হয়েছে। নিজেদের ক্লাব ও জাতীয় দলের হয়ে দুজনের লড়াইয়ের প্রসঙ্গ টেনে রোনালদো বলেন, ‘সে সবসময় আমার সঙ্গে ভালো ব্যবহার করত। সে তার ক্লাবকে সাফল্য এনে দেওয়ার জন্য খেলত, আমি আমার ক্লাবের জন্য। সে তার দেশের হয়ে লড়ত, আমি আমার দেশের জন্য।’
ব্যক্তিগত অর্জনের হিসাবেও দুজনের মধ্যে রয়েছে নানা পার্থক্য। মেসির ঝুলিতে রয়েছে আটটি ব্যালন ডি’অর, একটি বিশ্বকাপ ও ১৩টি লিগ শিরোপা। অন্যদিকে রোনালদো জিতেছেন আটটি লিগ শিরোপা। মেসির ছয়টি গোল্ডেন বুটের বিপরীতে তার রয়েছে চারটি। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের হিসাবে এগিয়ে রোনালদো। পাঁচবার ইউরোপসেরা হয়েছেন তিনি, যেখানে মেসির শিরোপা চারটি। এত সব পরিসংখ্যান ও ব্যক্তিগত সাফল্যের প্রতিযোগিতার পরও নিজেদের দ্বৈরথকে ইতিবাচকভাবেই দেখেন রোনালদো।
ক্যারিয়ারের সেরা সময়ের স্মৃতিচারণা করতে গিয়ে রোনালদো মনে করেন, দুজনের মধ্যে চলা প্রতিযোগিতা তাদের আরও ভালো খেলোয়াড় হতে অনুপ্রাণিত করেছে। তাদের দ্বৈরথকে তুলনা করেছেন মোটরস্পোর্টসের দুই কিংবদন্তি আয়রটন সেনা ও অ্যালেন প্রোস্টের প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে। রোনালদোর ভাষায়, ‘আমার মনে হয় একটা সময় ছিল যখন সে তার সবটুকু উজার করে দিয়ে গোল করতে চাইত এবং আমিও তাই করতাম। এটা ছিল সুস্থ প্রতিযোগিতা, অনেকটা আইরটন সেনা ও প্রোস্টের মতো। আমি মনে করি আমরা একে অন্যকে অনুপ্রাণিত করতাম।’
দৈনিক রূপালী চট্টগ্রাম