চীনের ভয়ে সালমানের সিনেমায় বড় পরিবর্তন? বিস্ফোরক দাবি ধ্রুব রাঠির
প্রধান অ্যাডমিন — 2026-10-13T05:11:00.000Z
বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সিনেমাটির আগের নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। এবার ইউটিউবার ধ্রুব রাঠির দাবি, ভারত-চীন সম্পর্কের উন্নতির প্রেক্ষাপটে সিনেমাটির বিষয়বস্তুতে পরিবর্তন আনা হয়েছে। এমনকি চীনকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে নির্মাতাদের ওপর চাপ দেয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ানএক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ১১ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ধ্রুব রাঠি বলেন, চীনের সমালোচনামূলক বিষয়বস্তু থাকায় সিনেমাটি আগের অবস্থায় মুক্তি দেয়ার সাহস দেখাতে পারেনি সরকার। ধ্রুব রাঠির দাবি, সিনেমাটির বড় অংশের শুটিং আবার করা হয়েছে এবং চীনকে ইতিবাচকভাবে তুলে ধরতে বলা হয়েছিল। তবে তাঁর এসব অভিযোগের স্বাধীন সত্যতা নিশ্চিত হয়নি।
জানা গেছে, ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে সিনেমাটি। শুরুতে ‘ব্যাটল অব গালওয়ান’ নামে ঘোষণা করা ছবিতে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সালমান খান। ওই সংঘর্ষে সন্তোষ বাবুসহ ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান।
সিনেমাটির টিজার প্রকাশের পর চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যমে সমালোচনা হয়। পরে চলতি বছরের মার্চে ছবিটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছিলেন, দুটি নামই শুরু থেকে নিবন্ধিত ছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, সিনেমাটি শুধু যুদ্ধের গল্প নয়; এর সঙ্গে মানবতা, সহমর্মিতা এবং সেনাদের নীরব সংগ্রামের বিষয়ও জড়িত।
সিনেমাটি মুক্তির জন্য ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। সংশোধিত সংস্করণে ভারত-চীন সম্পর্ককে তুলনামূলক ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
সালমান খানের সিনেমাটি আগামী ১৩ নভেম্বর মুক্তি পেতে পারে। তবে চূড়ান্ত মুক্তি নির্ভর করছে কেন্দ্রীয় চলচ্চিত্র সনদ বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্রসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার ওপর। এখনো মুক্তির তারিখ নিশ্চিত হয়নি।
রূপালী চট্টগ্রাম