সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনও কার্যালয়ে তালা

প্রধান অ্যাডমিন — 2026-10-12T17:46:00.000Z

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের অপসারণ দাবিতে তার কার্যালয় ঘেরাও করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা। এ সময় তারা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন আন্দোলনকারীরা। পরে তারা ভবনের প্রধান ফটক (কেচি গেট) তালাবদ্ধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক ভবনের কার্যক্রমে বিঘ্ন ঘটে। ভোগান্তিতে পড়েন কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।


এ সময় ইউএনও ইসরাত জাহান কার্যালয়ে তালা দেয়ার ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং অফিসে তালা দেয়া আইনসংগত কি না, তা তাদের জানা আছে। এ বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন বলেও জানান।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক আতিকুর রহমান অভিযোগ করে বলেন, সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘন করা হয়েছে। যারা নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই বিএনপির বিভিন্ন পদে রয়েছেন বলে দাবি করেন। তাদের অভিযোগ, নিয়োগ পাওয়া ডিলারদের কারও কারও সার বিক্রির দোকান বা গুদামও নেই। এত অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মধ্যে সম্পন্ন হওয়া এ নিয়োগ তারা মেনে নেবেন না।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক জিয়াউর রহমান, গোদাগাড়ী পৌর এনসিপির আহ্বায়ক আব্দুর রহিম, সদস্যসচিব মোফাজ্জল হোসাইন আনাম, জামায়াত নেতা মাহফুজ, ডিলারপ্রত্যাশী ইলিয়াস আলী এবং জুলাই যোদ্ধা গোদাগাড়ী উপজেলা সমন্বয়ক মো. মাহফুজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

রূপালী চট্টগ্রাম