প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থী

প্রধান অ্যাডমিন — 2026-10-12T14:56:00.000Z

২০১৯, ২০২০ এবং ২০২১ সালের অসামান্য একাডেমিক ফলাফলের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ এর জন্য মনোনয়ন পেয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করে।


মর্যাদাপূর্ণ এই পুরস্কারের তালিকায় সর্বোচ্চ সংখ্যক মনোনীত শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০১৯ শিক্ষাবর্ষে মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন— আরবি বিভাগের মুহী উদ্দীন, পরিসংখ্যানের মো. মুদ্দাসির হোসেন আকিব, আইন বিভাগের আবদুর রহমান মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আকিদুর রহমান, অর্থনীতির শেখ আতিয়া ইসলাম, ফার্মেসির ফারিয়া তাসনিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের স্বপ্নীল সায়ন সাহা, সমুদ্রবিজ্ঞানের জেরিন তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের শায়ান শাহরিয়ার, হিস্ট্রি অব আর্টের ইশিতা শারমিন সায়মা এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের দেবলীনা সরকার মেধা।

২০২০ শিক্ষাবর্ষের মনোনীতরা হলেন— আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নজিব, আইন বিভাগের তাহসীন লুবাবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের মো. আসিফুল ইসলাম, লোকপ্রশাসনের মারুফ হাসান রুমি, ফার্মেসির নাজিফা তাবাসসুম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মো. তানভীর আলম, সমুদ্রবিজ্ঞানের মোছা. তানিয়া আলিম শম্পা, উদ্ভিদবিজ্ঞানের শেখ সানজিদ আহমেদ, গ্রাফিক ডিজাইনের ইমরান হাসান এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের মাইশা মালিহা।

অন্যদিকে ২০২১ শিক্ষাবর্ষ থেকে মনোনয়ন পেয়েছেন— নৃত্যকলা বিভাগের জবা রানী বিশ্বাস, ফলিত গণিতের সাদিয়া আঞ্জুম জুমনা, আইন বিভাগের রুবিয়াত হাসান শাওন, ফাইন্যান্সের বিল্লাল হোসেন, ক্রিমিনোলজির নওশীন শর্মিলা ঋতু, ফার্মেসির রাশমিয়া নার্গিস রেয়দা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ফারশিদ রেজা, ভূগোল ও পরিবেশের মো. মিনহাজুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সমায়িতা সরকার তুলি, হিস্ট্রি অব আর্টের জাহিদুল ইসলাম এবং মেডিকেল সায়েন্সেস বিভাগের কাজী মো. শাইমুল রেজা।

রূপালী চট্টগ্রাম