চুয়েট উপাচার্যকে ‘গুন্ডা’ বললেন :হাসনাত আবদুল্লাহ

প্রধান অ্যাডমিন — 2026-10-12T12:33:00.000Z

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে শিক্ষার্থী ও শিক্ষকদের অনাস্থার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে উপাচার্যকে ছাত্রদলের কয়েকজন কর্মী দিয়ে জোর করে দায়িত্ব নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ছাড়া সার ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরে স্বজনপ্রীতির সমালোচনা করেন এই সংসদ সদস্য।

সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ ছাত্রশক্তি আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

চুয়েট উপাচার্যকে নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘চুয়েটের ভিসি একজন গুন্ডা। তাঁকে শিক্ষার্থীরাও চান না, একইভাবে শিক্ষকেরাও চান না। তিনি এত দিন সার্কিট হাউসে বসে অনলাইনে কার্যক্রম পরিচালনা করেছেন। আজ তাঁকে ছাত্রদলের কয়েকজন গুন্ডা দিয়ে জোর করে চেয়ার দখল করতে হয়েছে। তারা দেশকে পুনরায় পিছিয়ে নিতে চায়। তাদের ন্যূনতম লজ্জা ও ব্যক্তিত্ব নেই। সব ক্ষেত্রেই এ ধরনের মানুষ রয়েছে। আমাদের তাদের প্রতিরোধ করতে হবে।’

সার ডিলার নিয়োগের প্রক্রিয়া নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘কিছুদিন আগে সারের ডিলার নিয়োগের একটি প্রক্রিয়া হয়েছে। সেখানে দেখা গেছে, এমপির ছেলে সারের ডিলার পেয়েছে, এমপির মেয়েও ডিলার পেয়েছে, আবার এমপির শালীও ডিলার পেয়েছে। এখন সরকার যদি বিধবা কার্ড চালু করে, তাহলে দেখা যাবে এমপির বউও সেই কার্ড নেবে। বাংলাদেশের অবস্থাটাই এমন। এমনকি বেকার কার্ডও তারা আগে পাবে।’

এ ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নিচু মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যারা জেন-জি প্রজন্মের, যোগ্যতা ও মেধাকে প্রাধান্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেই প্রত্যাশাই করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক কমরেড আমিনুল ইসলামসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রূপালী চট্টগ্রাম