৬ বছরে পাগলা মসজিদের দানবাক্সে যত স্বর্ণ ও রুপা মিলল
প্রধান অ্যাডমিন — 2026-10-12T12:24:00.000Z
প্রায় ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ এবং গণনার কার্যক্রম চলছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।ট্রেজারিতে সংরক্ষিত ৯টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার এবং ৬টি সিলগালা করা খাম খুলে এসব মূল্যবান সামগ্রীর ওজন নির্ধারণ, সোনার ক্যারেট যাচাই ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা আলাদা করার কাজ চলছে। প্রক্রিয়াটি শেষ হলে স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে তা নিলামে বিক্রি করা হবে। এছাড়া সংগৃহীত বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।
নির্ধারিত ওজন অনুযায়ী, দানবাক্স থেকে প্রাপ্ত স্বর্ণালঙ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ ভরি এবং রৌপ্যালঙ্কারের পরিমাণ ১ হাজার ৮৮ ভরি। সোমবার (১২ অক্টোবর) বিকেলে রূপালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) মোহাম্মদ আলী হারেসী জানিয়েছেন, বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার গণনা সম্পন্ন হতে আজ রাত আটটা বেজে যেতে পারে।
এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানসিন্দুকে পাওয়া স্বর্ণালংকার ও রুপা ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ৯০০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছিল। তখন প্রায় তিন বছর ধরে দানসিন্দুকে জমা হওয়া ৪১৫ ভরি স্বর্ণালংকার ও ১৮৪ ভরি রুপা বিক্রি করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই সময় দানসিন্দুকে পাওয়া অলংকারগুলো পাঁচটি ভাগে ভাগ করে নিলামে তোলা হয়েছিল।
এ ছাড়া তখন দানসিন্দুকে পাওয়া বৈদেশিক মুদ্রার বিনিময়ে এক লাখ ২৭ হাজার ৬৫১ টাকা পাওয়া গিয়েছিল। দানসিন্দুকে পাওয়া টাকা রূপালী ব্যাংকে জমা করা হয়। স্বর্ণালংকার রাখা হয় কালেক্টরেটের ট্রেজারিতে।
সবশেষ চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। বর্তমানে মসজিদের তহবিলে মোট ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা জমা আছে। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩৯ লাখ ৩২ হাজার ৯০৬ টাকা অনুদান পাওয়া গেছে।
রূপালী চট্টগ্রাম