ফেসবুকে চাকু-পিস্তল হাতে ভিডিও, ‘সুইট গ্রুপের’ প্রধানসহ গ্রেপ্তার ২
প্রধান অ্যাডমিন — 2026-10-12T11:39:00.000Z
হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের মাধ্যমে আতঙ্ক ছড়ানোর অভিযোগে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।গ্রেপ্তার অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুল দুজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার বাসিন্দা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার।
সংবাদ সম্মেলনে ইকবাল বাহার জানান, এরিন আহম্মেদ সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে।
পরে রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুইট ও মিরাজুলকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
রূপালী চট্টগ্রাম