পাত্রী দেখার কথা বলে অশ্লীল ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার ১
প্রধান অ্যাডমিন — 2026-10-12T07:24:00.000Z
ছেলের জন্য পাত্রী দেখার কথা বলে ডেকে নিয়ে এক প্রবীণ ব্যক্তিকে মারধর, এক নারীর সঙ্গে জোরপূর্বক অশ্লীল ছবি ও ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে জাকারিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, জাকারিয়া এ ঘটনার প্রধান পরিকল্পনাকারী। তার বিরুদ্ধে এর আগেও নওগাঁর মান্দা ও রাজশাহীর মোহনপুর থানায় অন্তত তিনটি মামলা রয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মীর মো. আনোয়ার হোসেন (৬২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর এলাকার বাসিন্দা। ছেলের জন্য পাত্রী দেখার কথা বলে পূর্বপরিচিত এক নারী তাকে ডেকে নেন। পরে গত ৭ অক্টোবর সকাল ১০টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী জাকারিয়ার নির্দেশে তাকে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কেশবপুর গ্রামের একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়।
অভিযোগে বলা হয়, ওই বাড়িতে পৌঁছানোর পর জাকারিয়া ও তার সহযোগীরা আনোয়ার হোসেনকে মারধর করেন। একপর্যায়ে তাকে জোরপূর্বক অন্য এক নারী আসামির সঙ্গে জিম্মি করে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর স্বজনদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পরে ভুক্তভোগীর স্বজনরা টাকা দেওয়ার কথা বলে ওই দিন দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যান এবং তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার চার দিন পর রোববার ভুক্তভোগী মান্দা থানায় লিখিত অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে জাকারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
রূপালী চট্টগ্রাম