সরকারি চাকরিতে থেকেই এনসিপির সাংগঠনিক পদে প্রাণিসম্পদ কর্মকর্তা জগলু!

প্রধান অ্যাডমিন — 2026-10-11T05:31:00.000Z

সরকারি চাকরিতে বহাল থেকেই রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকার অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাসন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলুর বিরুদ্ধে। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাসন উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে তার নাম থাকায় সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা নিষিদ্ধসংক্রান্ত বিধান লঙ্ঘনের প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছে দলটির স্থানীয় নেতৃত্বও। তবে কমিটিতে তার নাম ভুলবশত অন্তর্ভুক্ত হয়েছে বলে দাবি করেছেন এনসিপির নেতারা।



প্রাপ্ত কমিটি অনুমোদনের চিঠি অনুযায়ী, আগামী ছয় মাসের জন্য সাত সদস্যবিশিষ্ট এনসিপির চরফ্যাসন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়েছে। ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সফিউল্ল্যাহ জগলুর নাম রয়েছে বলে জানা গেছে।



সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা এর অঙ্গসংগঠনের সদস্য হতে পারবেন না। একই সঙ্গে দেশ বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে অংশগ্রহণ কিংবা সহায়তা করাও নিষিদ্ধ। এমন বিধানের মধ্যে একজন সরকারি কর্মকর্তার নাম রাজনৈতিক দলের সাংগঠনিক কমিটিতে কীভাবে এলো, তা নিয়ে প্রশ্ন উঠেছে।


এ বিষয়ে এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। আমাদের কাছে নামের তালিকা এসেছে। তবে যাচাই-বাছাইয়ে আমাদের ভুল ছিল। সরকারি চাকরিজীবীদের রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ নেই।’



এনসিপির চরফ্যাসন উপজেলা কমিটির আহ্বায়ক অহিদ ফয়সাল বলেন, ‘তিনি সরকারি চাকরি করেন। আমাদের রাজনীতিতে তার মৌন সম্মতি রয়েছে। তবে তার নাম ও ফোন নম্বর ভুলবশত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।’


তবে কমিটিতে নাম অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে সফিউল্ল্যাহ জগলুর বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।


চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে অবহিত করেছি।’


জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাকে সরকারি ম্যানুয়াল দেখতে হবে এবং তার অবস্থানও যাচাই করতে হবে। আমি বিষয়টি দেখছি।’