২০১৩ সালের রেকর্ডে ভাগ বসাল বার্সেলোনা, এবার নতুন ইতিহাস গড়ার হাতছানি

প্রধান অ্যাডমিন — 2026-10-11T03:27:00.000Z

লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে বার্সেলোনা। গেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজেদের ইতিহাসের সেরা শুরুর রেকর্ডে ভাগ বসিয়েছে হান্সি ফ্লিকের দল। এবার সেই রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়ার হাতছানি কাতালান জায়ান্টদের সামনে। খবর গোল ডটকমের। 


চলতি মৌসুমে লা লিগায় নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দলের এই সাফল্য ২০১৩-১৪ মৌসুমে তাতা মার্তিনোর অধীনে বার্সেলোনার গড়া রেকর্ডের সমান।


তবে সেবার জয়ের এই ধারা নবম ম্যাচে এসে থেমে গিয়েছিল। ওসাসুনার বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল মার্তিনোর দল। এরপর টানা অপরাজিত থাকলেও ১৪তম রাউন্ডে সান মামেসে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরে যায় তারা ।

এবার ফ্লিকের সামনে সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ। আগামী সপ্তাহে জয় তুলে নিতে পারলেই লা লিগায় মৌসুমের শুরুতে টানা জয়ের নতুন রেকর্ড গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বার্সেলোনা।

তবে কাজটা সহজ হবে না। আগামী শনিবার লা কার্তুহায় তৃতীয় স্থানে থাকা রিয়াল বেতিসের মুখোমুখি হবে কাতালানরা। কঠিন এই পরীক্ষায় জয় পেলে নিজেদের রেকর্ড নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পাবে ফ্লিকের দল।


রেকর্ড গড়ার সম্ভাবনা নিয়ে অবশ্য এখনই বেশি দূর ভাবতে চান না বার্সেলোনা কোচ। ফ্লিকের মতে, আপাতত পরের ম্যাচেই মনোযোগ দেওয়া জরুরি।

তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, পরের ম্যাচ গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচটি নিয়ে ভাবা। আমরা ইতিহাস গড়তে চাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, খেলোয়াড়েরা যেন পুরো মনোযোগ দিয়ে নিজেদের কাজে নিয়োজিত থাকে।’