মা–বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, দেখতে ভিড় স্থানীয়দের

প্রধান অ্যাডমিন — 2026-10-10T07:45:00.000Z

গতকাল শুক্রবার বিকেলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে এই দৃশ্য দেখা যায়। সাকিব মিয়া একই ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে বিয়ে করতে যান। কনে সুরাইয়া আক্তার ওই গ্রামের খোকন মিয়ার মেয়ে।

ধাপেরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শাহাদত হোসেন বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, সাকিব মিয়া তিলকপাড়া (চকনদী) গ্রামের ছায়েদ আলীর ছেলে এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। মা–বাবার ইচ্ছা পূরণে তিনি হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান। বগুড়ার মহাস্থানগড় থেকে ২০ হাজার টাকায় হাতিটি ভাড়া করা হয়েছিল বলে তিনি শুনেছেন।
বিয়ে জীবনের একটি বিশেষ দিন। এ দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি মা–বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতে চেয়েছি। মা–বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁদের ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে।
সাকিব মিয়া, বর
হাতির পিঠে সামনের দিকে বসেছেন মাহুত, ঠিক তাঁর পেছনেই বর। বরের সঙ্গে এক শিশু ও দুই আত্মীয়ও আছেন। নানা আলপনা আঁকা হাতির পিঠে বসে এভাবে বিয়ে করতে যাচ্ছিলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণ সাকিব মিয়া (২৪)।

হাতির পেছনে ছিল উৎসুক মানুষের ভিড়। সঙ্গে ১০-১২টি মোটরসাইকেল ও কয়েকটি মাইক্রোবাসে বরযাত্রী। ব্যতিক্রমী এই বরযাত্রা ঘিরে কৌতূহল তৈরি হয় স্থানীয় মানুষের মধ্যে।
বর ও কনের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বিকেল চারটার দিকে হাতির পিঠে চড়ে নিজ বাড়ি থেকে রওনা দেন সাকিব। তিলকপাড়া থেকে হিংগারপাড়ার পথে সড়কের বিভিন্ন স্থানে মানুষ জড়ো হন। হাতির পিঠে বরকে দেখতে পথচারী ও স্থানীয় বাসিন্দারা মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন।

এমন আয়োজন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন সাকিব মিয়া। তিনি বলেন, ‘বিয়ে জীবনের একটি বিশেষ দিন। এ দিনটিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি মা–বাবার দীর্ঘদিনের শখ পূরণ করতে চেয়েছি। মা–বাবা আমার জন্য অনেক কষ্ট করেছেন। তাঁদের ছোট্ট একটি ইচ্ছা পূরণ করতে পেরে আমারও ভালো লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন নতুন জীবন সুখে-শান্তিতে কাটাতে পারি।